- ময়নাতদন্ত সম্পন্ন
সুন্দরবনের দুবলারচরের রুপার খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া বাঘটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে সুন্দরবনের শরনখোলা রেঞ্জ কর্মকর্তা সামসুল আরেফিনের নেতৃত্বে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে এ ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। শরণখোলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ও বনবিভাগের ওয়াইল্ড লাইফের সদস্যরা মৃত বাঘটি পরীক্ষা নিরীক্ষা করেন। ৯ ফুট লম্বা পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর।
তোফাজ্জেল হোসেন জানান, মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করছি বাঘটি বার্ধক্য জনিত কারণে মারা যেতে পারে। টেস্টের জন্য ল্যাবে পাঠাতে বাঘের চামড়া, দাত, মাংশ ও হৃদপিন্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে। আলামতগুলো বনবিভাগের ঢাকা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। ল্যাবের রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এবং ২০২০ সালের মার্চ মাসে দুটি বাঘের মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ। এসব বাঘ বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে তদন্ত রিপোর্টে জানা যায়।
আনন্দবাজার/এম.আর









