এ্যাপোলো হাসপাতালের মালিক প্রতিষ্ঠান এসটিএস হোল্ডিংসের বেশির ভাগ শেয়ার কিনে নিচ্ছে মার্কিন ও ব্রিটিশ দুইটি প্রতিষ্ঠান। সম্প্রতি এবিষয়ে চুক্তি সই হয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এভারকেয়ার হেলথ ফান্ড ও যুক্তরাজ্যের সিডিসি গ্রুপ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কত দামে কত শতাংশ শেয়ার বিক্রি হচ্ছে তা জানা না গেলেও এশিয়ায় ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে এমনটাই জানিয়েছেন সিডিসি এশিয়ার প্রধান শ্রিনি নাগরাজন। এবং এই বিনিয়োগের প্রধান কেন্দ্রবিন্দু হবে 'বাংলাদেশ'।
সিডিসি এশিয়ার এমডি নাগারাজন জানান, সিডিসির মূলধন বিনিয়োগের কেন্দ্রে রয়েছে মানুষের জীবনযাত্রার উন্নতি, যা এসটিএস হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চুক্তিতে প্রতিফলিত হতে দেখা গেছে।
এসটিএস-ঢাকা এ্যাপোলো হসপিটাল নামে পুঁজিবাজারে শেয়ার ছাড়তে চাইলেও বাজারের বিরূপ পরিস্থিত ও উদ্যোক্তাদের অনাগ্রহের কারণে পরে সিদ্ধান্ত বাতিল করে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সেপাল গ্রুপ, ট্রপিকা গ্রুপ ও শান্তা গ্রুপ এই কোম্পানির বর্তমান অংশীদার।
গত বছর সিডিসি ব্র্যাক ব্যাংকে বিনিয়োগ করেছে তিন কোটি ডলার। এছাড়াও বাংলাদেশে গৃহস্থালি পণ্য নির্মাতা আরএফএল ইলেকট্রনিক্স ও শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনেও দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে এই ব্রিটিশ কোম্পানির।
আনন্দবাজার/তাঅ









