মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্ম ফুল, শাপলা ফুল, আর ফুলের ফল, বিভিন্ন শাক-সবজি ও জলজ ফলসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন হাওরপাড়ের দরিদ্র শ্রমজীবি মানুষ। এমনই একজনের সঙ্গে কথা হয়। তিনি হাওরের শাক-সবজি, শাপলা, পদ্ম, আর বিভিন্ন ধরণের জলজ ফল, ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
হাইল হাওর পাড়ের বাসিন্দা ৬৫ বছর বয়সী সুন্দর আলী। সুন্দর আলীর মতো হাওর পাড়ের আরও অনেকেই রয়েছেন হাওইল হাওরের প্রাকৃতিক সম্পদ কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার হবিগঞ্জ রোডে দেখা হয় জলজ ফল মাখনা বিক্রি করতে আসা সুন্দর আলীর সঙ্গে। তার কাধেঁর দুটি জুড়ি বড় পদ্মফুলের পাতা দিয়ে ঢাকা। কি আছে জুড়িতে জানতে চাইলে পদ্মপাতা সরিয়ে দেখান এক ধরণের সবুজ রঙ্গের ফল। অদ্ভুত আকর্ষণীয় ফলটির নাম মাখনা।
পদ্মফুলের ফল এটি। এ ফলকে স্থানীয়রা বলেন মাখনা ফল। কিভাবে খেতে হয় জানতে চাইলে বিক্রেতা সুন্দর আলী একটি ফল হাতে নিয়ে এর থেকে একটি কালো রঙের বিটি বের করেন। ফলটি দুইভাগে ভাগ করলে এর থেকে বের হয় সাদা খাওয়ার উপযোগী অংশ। এ ফল তিতেও না মিঠেও না। মুখে দিলে অন্যরকাম একটা স্বাদ অনুভূত হয়। কিছুটা নতুন ধানের মধ্যে থেকে চাল বের করে খেলে যেমন লাগে সেরকম মনে হবে। সুন্দর আলী জানান, বছরের এসময় হাওরে অনেক উদ্ভিদ ফলে। এর মধ্যে পদ্মফুল, শাপলা ফুল ও ফুলের বিভিন্ন ফল, শাক-সবজি সহ নানান প্রকৃতিক সম্পদ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন হাওর পাড়ের বাসিন্দারা। হাওরে মাছ না মেলায় এখন এসব জলজ উদ্ভিদ বিক্রি করছেন সুন্দর আলী। তিনি জানান, প্রতিদিন ভোরে হাওরে গিয়ে প্রাকৃতিক শাপলা, পদ্মফুলের ফল মাখনাসহ অন্যান্য শাক সবজি তোলে আনেন। সেগুলো শহরে ফেরি করে বিক্রি করেন। প্রতিদিন ৩ থেকে ৪শ’ টাকা রোজগার হয়। তা দিয়েই সুন্দর মতো চলে সুন্দর আলীর সংসার। তিনি বলেন, ভোর বেলা হাওরে গিয়ে তার মতো অনেকেই এসব প্রাকৃতিক সম্পদ কুড়িয়ে এনে জীবিকা নির্বাহ করছেন।
ফুলের রাণী পদ্মফুল হাওর, বিলে, ঝিলে ও জলাশয়ে জন্ম হয়। পদ্ম ফুল সন্ধ্যায় ফোটে সারারাত সুরভি ছড়ায়। এছাড়াও এ পবিত্র ফুলটির বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহার হয়।









