যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন সুজন ওরফে শাকিল (২৫) নামে এক হাজতি। গত রবিবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে ওয়ার্ডের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
যশোর কোতয়ালী থানায় কিশোরী অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পলাতক এই সুজন।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, সুজন গত ৪ এপ্রিল পুরাতন কসবার বাসিন্দা এক ব্যাংক কর্মকর্তার স্কুলপড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে গেলে মেয়েটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এ মামলায় পুলিশ তাকে ১০ এপ্রিল গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কিন্তু সুজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে কারাগার থেকে ওইদিন সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখান থেকে রোববার রাতে জানালা ভেঙে হ্যান্ডকাপসহ পালিয়ে যান সুজন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, রাত ১০টার দিকে দায়িত্বরত নার্স তুলি তাকে ওষুধ দেওয়ার জন্য গেলে পলায়নের বিষয়টি চোখে পড়ে। তার নজরদারির জন্য আইসোলেশন ওয়ার্ডের বাইরের দুই পাশে দুইজন পুলিশ ও চারজন কারারক্ষী ডিউটি করছিলেন। কিন্তু পেছনের জানালা ভেঙে পালানোর ফলে তারা টের পাননি।
আনন্দবাজার/তা.তা









