বাংলাদেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহীত করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তা ছাড়া এডিবি সম্পর্ক দৃঢ়করণে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
তিনি গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি এর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
বৈঠকে অর্থমন্ত্রী শুরুতেই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতির পিতা সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং বিশেষ করে কোভিড-১৯ এর ক্ষতিকর প্রভাব উত্তরণে দ্রুততার সাথে বাংলাদেশকে সহায়তার জন্য এডিবি’র ভূয়সী প্রসংশা করেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর আগামী ২৬-৩০ সেপ্টেম্বর ২০২২ সময়ে অনুষ্ঠিতব্য এডিবি বোর্ডের ৫৫তম বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য অর্থমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ২০২৩ সালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন। সরকারের উন্নয়ন লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে এ অর্থ-বছরে প্রায় ২ বিলিয়ন মার্কিন ঋণ ডলার সহায়তা প্রক্রিয়াধীন আছে।
তিনি কোভিড-১৯ মহামারির ক্রান্তিকালে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।
বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে ২৭.৫৫৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করেছে। উল্লেখ্য এডিবি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা প্রদানের জন্য অর্থমন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান। বিশেষ করে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবিকে আরো উন্নয়ন সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। সামগ্রিকভাবে উন্নয়ন অভীষ্ট অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এই মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে সবসময় এডিবি থাকবে বলে কান্ট্রি ডিরেক্টর আশা ব্যক্ত করেন।
বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানতঃ বিদ্যুৎ, শিক্ষা, পরিবহন, জ্বালানি, পানি সম্পদ, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।









