কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩১২টি ঝুঁপড়ি ঘর ও ৩৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে এই ঘটনায় হতাহত হয়নি।
মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোহিঙ্গাদের রান্নার ঘরের গ্যাসের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি আলী জানান,রোহিঙ্গাদের প্রত্যেকের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্নাবান্না হয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানান, অগ্নিকান্ডে রোহিঙ্গাদের ৩১২টি ঝুঁপটি ঘর ও ৩৭টি দোকান পুড়েগেছে। ঘর যাদের পুড়েছে তাঁরা সবাই এখন খোলা আকাশের নিচে বসে আছে।
খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রোহিঙ্গা ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন আনেন। উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার এমদাদুল হক বলেন, ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন,আমি ইতোমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিবেচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি









