ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠা বাষির্কী পালিত
‘আঠারো বছর বয়স কী দুঃসহ/র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি/আঠারো বছর বয়সেই অহরহ/ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয়/পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা/এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়’-কবি সুকান্ত ভট্টাচার্য আঠারোকে দুর্দমনীয় হিসেবে আখ্যায়িত করেছেন। এবার সেই আঠারোয় পর্দাপন করলো চাঁদপুরের শ্রেষ্ঠ সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম। শনিবার সংগঠনটি কেককাটাসহ বর্ণিল নানা আয়োজনে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিলো আবৃত্তি প্রতিযোগিতা, বৃক্ষরোপন, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ, গান, আলোচনা সভা।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। এতে উপজেলা সদরের নির্বাচিত ৭টি প্রতিষ্ঠানের ৪০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন ফাতেমা ইয়াছমিন, পাবেল আল ইমরান ও মোস্তফা কামাল মুকুল।
ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে বিকালে দ্বিতীয় অধিবেশনে শুরু হয়। সংগঠনের সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে, নূরুল ইসলাম ফরহাদ ও তারেক রহমান তারুর যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন মোহাম্মদ বেলাল। ১৭তম উদ্যাপন কমিটির আহবায়ক নজরুল ইসলাম’র স্বাগত বক্তব্যের পর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সিনিয়র সদস্য পল্লবী কর্মকার তিথি, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, কবি হাসানুজ্জামান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শান্ত, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, সাহিত্য মঞ্চ চাঁদপুর এর সভাপতি মাইনুল ইসলাম মানিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এ সময় বক্তারা বলেন, একটি সাহিত্য সংগঠন সুদীর্ঘ ১৭ বছর ধরে রাখা অনেক কঠিন কাজ। বিশেষ করে নীতি-নৈতিকতাবর্জিত, লোভ-লালসা আর অসুস্থ্য প্রতিযোগিতাময় সমাজে যা একেবারেই কঠিন একটি কাজ। সেবা আর কাজ আপাত দৃষ্টিতে এক মনে হলেও বিষয়টি এক নয়। কাজের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান মানুষের হৃদয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। লেখক ফোরাম নিরব-নিভৃত্তে সেই কাজটিই করে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছরের পথচলা শেষে আঠারোতে সংগঠনটি দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবে এমন দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অতিথিদের বক্তব্যের মাঝে মাঝে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডার গার্টেন এর কাজী আফসারা ইমাম, ২য় হয়েছে আদর্শ একাডেমির সাবেরা আক্তার আনিশা ও ৩য় হয়েছে ইকরা মডেল মাদ্রাসার নূরে জান্নাত মিমি। ‘খ’ বিভাগে ১ম হয়েছে আদর্শ একাডেমির ফাইরুজ সুবাহ তাথৈ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের শামিম শেখ ও কে.আর আইডিয়াল স্কুলের হাফসা আক্তার জুঁই। এছাড়াও অনুষ্ঠানে পাঁচজন অসহায় শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।









