পাহাড়ের মারমা জাতিগোষ্ঠির নতুন বর্ষ বরণ উৎসবের নাম সাংগ্রাই। এ উৎসবকে কেন্দ্র করে মারমা পল্লীতে চলে জল উৎসবের আয়োজন। মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বর্ষ বরণের আনন্দে মেতে উঠে। তাদের বিশ^াস পবিত্র পানির ধারা ধুয়ে মুছে দিবে পুরনো বছরের সব দুঃখ-গ্লানি।
পুরাতন বছরের সকল দুঃখ, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায়ের মানুষেরা সমবেত হয় সাংগ্রাই জল উৎসবে। মারমা তরুণ-তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় পানি খেলায়। একে অপরকে পানি ছিটিয়ে শুরু হয় পানি খেলা। করোনার কারণে গত দুই বছর জলোৎসব না হওয়ায় চলতি বছর যেন উৎসবে মতোয়ারা হয় উঠেছে পাহাড়ের মানুষ। গত ১৬ এপ্রিল সকালে রাঙামাটির বেতবুনিয়ার উচ্চ বিদ্যালয়ে মাঠে জল উৎসবটির আয়োজন করে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনটির উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি আসনে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
জল উৎসবের পাশাপাশি চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের সাংস্কৃতিক পরিবেশনা। সাংগ্রাই উদযাপনের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে শেষ হয়েছে পাহাড়িদের বর্ষ বিদায় ও বর্ষ বরণের উৎসব বৈসাবি ।









