ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণির ছাত্র মো. তামিম (১৪) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। গত রবিবার দুপুরে কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ তামিমকে উদ্ধারে ২য় দিনের মত অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, গত রবিবার সকাল ১০টায় তামিম নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে আসে। তার সঙ্গে আরও পাঁচ সহপাঠি বন্ধু ছিল। পানিতে গোসলের একপর্যায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সৃষ্ট গর্তে নিখোঁজ হন তামিম। রবিবার রাত পর্যন্ত ডুবুরিদল উদ্ধার অভিযান পরিচালনা করে। রাতে অভিযান বন্ধ থাকার পর আবার সোমবার ২য় দিন সকাল থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ তামিম ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে। সে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন জানান, পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে। তামিম নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদারকি করছে।
এদিকে সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানিয়েছে বগুড়া সারিয়াকান্দিতে ঈদের আনন্দ উপভোগ করতে এসে যমুনা নদীর পানিতে নেমে খেলা করার সময় এসএম মুগনি আলী(১৪) নামে এক স্কুল ছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ ছোট বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেন এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরবাটিয়া চরের নিকট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, মা-বাবা ও আত্মীয় স্বজনসহ ছোট ২০জন মিলে ঈদের আনন্দ উপভোগ করতে ৪টি সিএনজি নিয়ে গত শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধে বেড়াতে যায়। একটি নৌকা রিজার্ভ ভাড়া করে সকলে মিলে কালিতলা গ্রোয়েনের সামনের চর চরবাটিয়া চরে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে যমুনা নদীর পানিতে নেমে খেলা করার সময় গভীর পানিতে পড়ে ছোট নিখোঁজ হয়। এব্যাপারে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ময়েজ উদ্দিন সাংবাদিকদের জানান, রাজশাহী থেকে ডুবুরী দল এসে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের জন্য কাজ করছে। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।









