টাঙ্গাইলের ঘাটাইলে মোয়াজ্জেম হোসেন খান নামে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে প্রায় সাড়ে আট লাখ ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এবিষয়ে বৃহস্পতিবার রাতে তিনি ঘাটাইল থানায় একটি লিখিত এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন। টাকা ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার।
বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন জানান, সোনালী ব্যাংকের ঘাটাইল উপজেলা সদর শাখা থেকে ৮ লাখ ৩৮ হাজার টাকা নিয়ে গত বৃস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাড়ি উপজেলার লাহিড়ীবাড়ি গ্রামের দিকে রওনা হন। এ সময় সঙ্গে ছিলেন তার বড় ছেলে সেলিম খান এবং নাতিন তেীহিদ। অটোরিকশা নিয়ে কিছুদূর যাওয়ার পর শাহপুর এলাকায় পৌঁছলে কালো রঙের একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে চার-পাঁচ ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। মোয়াজ্জেম হোসেনের নামে ওয়ারেন্ট আছে, এই বলে তার হাতে হ্যান্ডকাফ পরান। পরে ছেলে ও নাতিনসহ তাদের গাড়িতে তোলেন।
মোয়াজ্জেম হোসেন আরও জানান, গাড়িতে তুলেই তারা তাদের চোখ ও মুখ বেঁধে ফেলেন। এরপর তাদের কাছে থাকা ঋণের সেই ৮ লাখ ৩৮ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন নিয়ে নেয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা পথ চলার পর তাদেরকে রাস্তায় নামিয়ে দেয়। তখন ঘড়ির কাটায় বিকেল প্রায় তিনটা বাজে। পরে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন তারা যে স্থানে আছেন সেই জায়গার নাম গাজীপুরের শিমুলতলা। সেখান থেকে রাতে বাড়ি ফিরেন তারা। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ঘটনা সত্য। টাকা উদ্ধারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









