কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে বসতবাড়ির আঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ চাষি কাইয়ুম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাঁজাচাষি কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষি কাইয়ুমকে বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ির আঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজাচাষি কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আনন্দবাজার/এম.আর









