দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। কাজেই সমুদ্র উত্তাল থাকায় ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি এখন তৃতীয় পর্যায়ে রয়েছে। চতুর্থ পর্যায়ে আরও শক্তি সঞ্চয় করলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহওয়াবিদ মো. শাহীন হোসেন জানান, যদি নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সাইক্লোনে পরিণত হশ, তাহলে এটির নাম হবে আমফান (amphan)।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি শুক্রবার (১৫ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার (কিমি) দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ২৯০ কিমি দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানান তারা।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ফলে সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আনন্দবাজার/তা.তা









