কুড়িগ্রামের উলিপুরে চুলার আগুনে পুড় গেছে দুই কৃষকের বসতবাড়ি। এতে একটি বাড়ির রান্নাঘর এবং গোয়ালঘর পুড়লেও অপর বাড়ির বসত ঘরসহ সবকিছু নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে খোলা আকাশের নীচে অবস্থান করছে পরিবার দুটি। গত বুধবার রাত ৯ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম সাতভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কনছের আলীর রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন রান্নাঘরের দেয়াল ও খড়ের চালায় দ্রুত ছড়িয়ে যায়। পরে রান্নাঘরের পাশে থাকা গোয়ালঘরে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী মকবুল হোসেনের বাড়িতেও আগুন লেগে যায়। আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জনায়, অগ্নিকাণ্ডে ৩টি ভেড়া ও একটি ছাগল পুড়ে যায়। এর সঙ্গে দুটি বসতঘর, দুটি রান্নাঘর, একটি গোয়ালঘর ও বাড়ির সকল আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। এছাড়াও ধানসহ ধানের আঁটিও পুড়ে ছাই হয়েছে।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইফুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে যাতায়াতের ব্যবস্থা খারাপ হওয়ায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছিলো আমাদের। আগুনে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, ক্ষয়ক্ষতি নিরুপন করে সম্ভব হলে আগামীতেও কিছু সহায়তা দেয়া হবে।









