কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক জমিদার বাড়িতে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার থেকে এ মেলা বসে। তবে ১০ মে বিকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও মেলায় শুরু হয়ে গেছে বেচাকেনা।
জানা যায়, প্রায় দু’শ বছর আগে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায় চৌধুরী শ্রী শ্রী কাল ভৈরবী পূজা উপলক্ষে এই মেলার প্রচলন করেন। আজ অবধি সেই মেলা চলে আসছে। সময়ের বিবর্তনে এ মেলা এখন সার্বজনীন উৎসব ও ঐতিহ্যে রূপ নিয়েছে। এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা শিশু সাহিত্যিক সুকুমার রায়। বর্তমানে ঐতিহাসিক জমিদার বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে আছে।
মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি, সাহিত্যিক ও বহু দর্শনার্থীর আগমন ঘটে। মেলায় গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরে নানা ধরনের স্টল দিয়েছে দোকানদাররা। এ মেলাকে ঘিরে আশেপাশের বেশকয়েকটি গ্রামে এখন উৎসবের আমেজ। মসূয়া শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এখন এই জনপদের ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।









