দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ৮১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৩৯১ জনে।
শুক্রবার (৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ টি পরীক্ষা করা হয়েছে। আজ মোট ৫০টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু করেছে। এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬৭ লাখ ১৪ হাজার ৩৩৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩২ লাখ ৬১ হাজার ২৭৬ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনের। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে: যুক্তরাষ্ট্র: ১ লাখ ১০ হাজার ১৭৯ জন। যুক্তরাজ্য: ৩৯ হাজার ৯০৪ জন। ইতালি: ৩৩ হাজার ৬৮৯ জন। ব্রাজিল: ৩৪ হাজার ৩৯ জন। ফ্রান্স: ২৯ হাজার ৬৫ জন। স্পেন: ২৭ হাজার ১৩৩ জন। মেক্সিকো: ১২ হাজার ৫৪৫ জন। বেলজিয়াম: ৯ হাজার ৫৪৮ জন। জার্মানি: ৮ হাজার ৭৩৬ জন।আনন্দবাজার/শহক









