করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার ক্যাম্পেইন সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়ে টিকার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় নতুন করে আবারও সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইন বিষয়ক এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সোমবার (৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
আহমেদুল কবির বলেন, বিশেষ এই টিকা ক্যাম্পেইন আজ শেষ হওয়ার কথা থাকলেও সরকারি ছুটি ও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আরও তিন দিন এই কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।
আগামী ৪, ৬, ৮ তারিখ পর্যন্ত বাদ পড়া ব্যক্তিরা নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। এরইমধ্যে গত ছয়দিনে ১ কোটিরও বেশি মানুষ প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছেন। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ২ হাজার ৪৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৪ হাজার ৬৩৮ জনকে। আর বাকিগুলো দেওয়া হয়েছে বুস্টার ডোজ।
তিনি বলেন, টিকাদানের কারণেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। তবে গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা বাড়লেও হাসপাতালে ভর্তির হার খুবই কম। মহাপরিচালক জানান, বাদ পড়াদের টিকার আওতায় আনতে নতুন করে আবারও সময় বাড়ানো হয়েছে।
আনন্দবাজার/কআ









