ভোলার মাটি আদা চাষের জন্য খুব উপযোগী। এবার আদা চাষে সাফল্য পেয়েছেন সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব। আশানুরুপ ফলন পেয়ে খুশি বিপ্লব। উৎপাদিত আদার ভালো দর পেয়েছেন।
চাষি বিপ্লব চেয়ারম্যান জানান, ভোলার মাটি যে কোনো ফসলের জন্য উপযোগী তবে আদার জন্য অনেক ভালো। চলতি বছর পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতায় নিজ ঘেরে পতিত ১ একর জমিতে দেশীয় আদার চাষ করেছেন। আদা লাগানোর পরে ২ থেকে ৩ বার আগাছা পরিস্কার ও গোড়া মাটি দিয়ে ঢেকে দিয়েছেন। ৯০ দিন পরে এক একটি গাছে ২ থেকে ৩ কেজি করে আদার ফলন হয়েছে। গত শনিবার তিনি শতাধিক গাছের আদা তুলেছেন। আদা দেখে তিনি ভেজায় খুশি। ভোলার মাটিতে এধরনের আদা ফলবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তবে বুঝতে পেরেছেন ভোলার মাটি যে কোনো ফসলের জন্য উপযোগী। ভালো দামে ভোলার বাজারে আদা বিক্রি করেছেন। বাকি আদা রোজার মধ্যে তুলে ভোলার বাজারে বিক্রি করবেন। একরে ৩ টন আদা হবে বলে আশা করছেন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব। তিনি চাষিদের উদ্দেশ্যে বলেন, কোনো জমি পতিত অবস্থায় রাখবেননা। যে কোন ফসল করবেন, আর না হয় নিজেদের খাওয়ার ফলনটাও পাবেন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ (শস্য) জানান, ভোলার মাটি আদা চাষের জন্য খুব উপযোগী। আমি প্রত্যেক চাষিকে আহবান করবো আদা চাষে এগিয়ে আসুন, অল্প পরিশ্রমে বেশী লাভ করুন।









