ডাকাত দলের দুইজনকে পিটিয়ে হত্যা
প্রকাশ:

বিস্তারিত
ডাকাত দলের দুইজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী, ঘটনাটি ঘটেছে গতকাল নরসিংদীর শিবপুর উপজেলার মুরগীবের গ্রামে। গণপিটুনিতে নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাত পরিচয় একজন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম জানান, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান ইতোমধ্যে পাওয়া গেছে।
পুলিশ ঘটনার বিবরণে জানায়, মঙ্গলবার দিবাগত আনুমানিক ৩টার দিকে প্রায় ১৫ জনের একটি ডাকাত দল শিবপুরের যোশর সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের গোলজার, বোরহান ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয় এবং তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। ডাকাতের আক্রমনের বিষয়টি বুঝতে পেরে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে মসজিদের মাইকে ডাকাতের হামলা হয়েছে বলে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে।
এ সময় ডাকাতদলের সবাই পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে,আহত ডাকাত সদস্যের নাম মানিক।
আনন্দবাজার/এহসান








