পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি তা কানাডার ফেডারেল কোর্টে প্রমাণিত হয়েছে। বিএনপি পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করেছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। পদ্মা সেতু যাতে করে বাস্তবায়ন না হয় তাদের এমন ষঢযন্ত্রের কথা দেশের মানুষ জানে। বিগত সময়ে বিএনপির দুর্নীতি অপকর্ম ঢাকতেই উন্নয়ন কর্মকান্ড নিয়ে কল্পিত এমন অভিযোগ করে আসছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। পদ্মা সেতু প্রসঙ্গে হানিফ আরো বলেন, বিশ^ব্যাংক অর্থপ্রত্যাহার করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেখিয়ে দিয়েছেন যে নিজস্ব অর্থায়নেও পদ্মা সেতুর মত বড় প্রকল্প বাস্তবায়ন হতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এ পদ্মা সেতুকে ঘিরে।
বিএনপির সরকার বিরোধী রাজনৈতিক দলগুলের সাথে সংলাপ প্রসঙ্গেও কথা বলে হানিফ। তিনি বলেন, বিএনপি এবং যুদ্ধাপরাধী দল জামায়াত ছাড়া আর কোন দলের অস্তিত্ব রয়েছে বলে দেশের মানুষ বিশ্বাস করেনা। এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।









