স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।। তিনি জানান, নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্য খাতে নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আসতে হবে। তিনি হুঁশিয়ার করেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছেন, প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে।
চিকিৎসা সেবায় অনিয়মের ঘটনাগুলো বাইরে থেকে কেউ ধরিয়ে দেয়নি, বরং সরকার নিজ উদ্যোগে অনিয়ম রুখতে ‘কঠোর অভিযান’ শুরু করেছে বলে মন্তব্য করেন এই মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে হাসপাতাল, নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্য খাতের নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান ইতোমধ্যে শুরু গেছে এবং তা অব্যাহত থাকবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। যত ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছেন, প্রতারণা করছেন, শেখ হাসিনা সরকার তাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল থাকবে।”
আনন্দবাজার/এফআইবি









