মাসুম একজন গৃহহীন। তিনি নিজের থাকার জন্য পর্যাপ্ত খাবার ও পানীয় আছে এমন একটি আরামদায়ক জায়গার সন্ধানে ছিল, এমনটাই জানিয়েছে পুলিশি সূত্র।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ৮৯ নং সড়কের একটি বাড়ির আলো তিনদিন নেভানো থাকায় মাসুম বুঝতে পারে এই বাড়িতে কেউ নেই। তাই আশ্রয়ের আশায় ওই বাড়িতে ঢুকে পড়েন তিনি। কিন্তু তার এই স্বপ্নের ভুবনে বিচরণ দীর্ঘস্থায়ী হয়নি। গতকাল শনিবার রাতেই পুলিশ হানা দিলে অবসান ঘটে তার স্বল্প বাসের।
জানা যায়, ফ্লাটটির মালিক যুক্তরাষ্ট্রের নাগরিক, রিক হুবার্ড এবং তার স্ত্রী ক্রিস হুবার্ড। নর্থ এন্ড কফি রোস্টারস কফিশপের মালিক তারা। নিরাপত্তা ক্যামেরায় যুক্তরাষ্ট্রে বসেই তাদের ঘরে কাউকে হাঁটাচলা করতে দেখে পরিচিত একজনকে খোঁজ নিয়ে দেখতে বলে। তারপর পুলিশ বাড়িময় জোর তল্লাশির পর মাসুমকে বাথরুমে লুকানো অবস্থায় আবিষ্কার করে। কিন্তু পুলিশ ও মানুষের ভিড় দেখেও মাসুমকে শান্তই দেখাচ্ছিল, কিঞ্চিৎ মাতালও ছিল সে।
গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মাসুম পেশায় একজন চোর। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার মানসিক সমস্যা থাকার সম্ভাবনাও রয়েছে। এর আগে একটি বাড়ি থেকে মালামাল চুরির সময় তার নাচের ভিডিও আমরা দেখেছি। চুরির দায়ে আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।
মাসুম জানায়, সম্প্রতি সে ভারতের একটি কারাগারে ৯০ দিন সাজাও ভোগ করেছে। তবে তার অন্যান্য কথাবার্তা ছিল এলোমেলো, অসংলগ্ন। তবে গুলশানের ফ্লাটটি থেকে সে কোনো কিছুই সরায়নি।
গুলশান থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসাইন বলেন, জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছে বাড়িতে সে প্রচুর খাবার পেয়ে, খেয়েছে। মাসুম মদপানের কথাও স্বীকার করেছে।
আনন্দবাজার/টি এস পি









