আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর কয়েকদিন বৃষ্টিপাত বন্ধ থাকবে। তবে আগামী শনিবার থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, ‘এখন বর্ষা মৌসুম। তাই মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৪ তারিখ পর্যন্ত দেশের রংপুর ও তার আশপাশের জেলায়, সিলেট, ময়মনসিংহ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন বৃষ্টিপাত বন্ধ থাকতে পারে। তবে ১৯ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
এসব জেলার বৃষ্টিপাতের কিছু প্রভাব পড়বে রাজধানীতে। আবহাওয়াবিদ আরিফুলের দেয়া তথ্যমতে, ১৪ তারিখ পর্যন্ত রাজধানীতে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ তারিখ থেকে পুনরায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্ব ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় স্থাীয়ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আনন্দবাজার/এস.কে









