ফরিদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি সাগর মোল্যাকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ ১টি শুটার পিস্তল, ১৫'শ পিচ ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম, এ জলিল, উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল রাত ১১ টার দিকে পুলিশের একটি টিম ফরিদপুর শহরের পূর্ব কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সাগর মোল্যাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতার সাগরের কাছে থেকে দুই রাউন্ড গুলিসহ ১টি শুটার পিস্তল, ১৫শ’ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করে। সাগর মোল্যা ফরিদপুর জেলা সদরের লোকমানখাঁর ডাঙ্গী এলাকার কাশেম মোল্যার ছেলে। সে এলাকায় উঠতি বয়সের ছেলেদের নিয়ে মাদকসহ, চুরি দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, এ মামলায় এর আগে আছমত শেখ ও শিশু অপরাধী আশিক শেখকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয় এবং প্রধান আসামি সাগর মোল্যার নাম প্রকাশ করে।
প্রসঙ্গ, ফরিদপুরে কোতয়ালী থানার দয়ারামপুর এলাকায় একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে হাত-পা বেঁধে ও গলায় কালো কাপড় পেঁচিয়ে অটোরিকশা চালক সাব্বির বিশ্বাস (১৪) শ্বাসরোধ করে হত্যা করে। এঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গত ২০ এপ্রিল নাইম শেখ (১৫) নামে এক অটোবাইক চালককে হাত-পা বেঁধে ও গলায় শাড়ীর কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে মাটি খুঁড়ে গর্ত করে পুঁতে রাখে। এই দুই হত্যাকান্ডের প্রধান পরিকল্পনাকারী সাগর মোল্যা।









