চুয়াডাঙ্গায় নকল প্রসাধনীর গুদামে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা। এসময় নকল প্রসাধনী মজুদ ও বিক্রির অপরাধে ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে লক্ষাধিক টাকার নকল প্রসাধনী। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিসপাড়ায় ওই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দীর্ঘ দিন থেকে গোপনে সরকার অনুমোদনহীন নিম্নমানের বিদেশী বিভিন্ন নামীয় প্রসাধনী মজুদ ও বিক্রয় করে আসছেন দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসপাড়ার মিনহাজুল আবেদীন টোটন। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। এসময় তার গুদাম থেকে বিপুল পরিমাণ বিদেশী বিভিন্ন নামীয় নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে নকল প্রসাধনী মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে ওই ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়।









