জয়পুরহাট প্রতিনিধি
দেশে ভোজ্যতেল সরবরাহ ও মূল্যে অস্থিতিশীলতার মধ্যে জয়পুরহাটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন ও সুপার পাম তেল উদ্ধার করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, দেশে ভোজ্যতেল নিয়ে অস্থিরতার মধ্যে জয়পুরহাট শহরের ৪ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে মারোয়ারী পট্টির পুরোষত্তম রংটার ৩টি গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার সুপার পামতেল এবং ধানমন্ডি এলাকার ফারুক ট্রেডার্সের ফারুক সর্দারের ৭টি গুদামে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন ও সুপার পামতেলসহ মোট ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল উদ্ধার করা হয়। এ সময় তাদেরকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তেলগুলো সরকারি দামে ভোক্তাপর্যায়ে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
শিবপুরে ৫৮ হাজার টাকা জরিমানা আদায়
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ভোজ্যতেল মজুত নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে শিবপুরের কলেজ গেইট বাজার ও মদিনা অয়েল মিলের কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি মামলায় মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।
জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানা যায়, নরসিংদী জেলা প্রশাসক এর নির্দেশনায় বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে নরসিংদীর শিবপুরে সয়াবিন তেল, পিয়াজ নির্ধারিত মূল্যে থেকে অতিরিক্ত মূল্যে বিক্রি এবং অবৈধ মজুদ কারার কারনে উপজেলার কলেজ গেট বাজার ও মদিনা অয়েল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় শিবপুর কলেজ গেইট বাজারে পন্যের মূল্য তালিকা না থাকায় ৬ টি মামলায় ৮ হাজার জরিমানা করা হয়। এদিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের মদিনা অয়েল কোম্পানি লিমিটেড এ সয়াবিন তেল/ভোজ্যতেলের অননুমোদিত স্টক ও খোলা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ আইনের আরোও একটি মামলায় মদিনা অয়েল কোম্পানি লিমিটেডকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
বেশি দামে তেল বিক্রি, লক্ষাধিক টাকা জরিমানা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সয়াবিন ও পামওয়েল মজুত করে উচ্চমূল্যে বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ও দিলরুবা বাসস্ট্যান্ডে এক মিষ্টির দোকানিকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুদ হাসান রনি জানান, শনিবার দুপুরে দ্বারিয়াপুর বাজারের ভাই ভাই খাদ্য ভান্ডারে মূল্যের চেয়ে অধিক দাম নেওয়ার কারণে ২০ হাজার টাকা, সরকার এন্ড ব্রাদাস নিয়মবহির্ভুতভাবে ৫ ড্রাম খোলা তেল ও ২৫০ লিটার বোতলজাত তেল মজুত রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা, মাসুদ স্টোর বোতলের তেল খুলে (লুজ) করে বিক্রির দায়ে ৩০ হাজার টাকা ও দিলরুবা বাসস্ট্যান্ডে প্রিয়াংকা হোটেলে অস¦াস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।









