আগামী ১লা আগস্ট থেকে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ বা বিদেশ যেতে হলে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে যাত্রীদের। গত বুধবার (২২ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি আদেশ জারি করে।
আদেশে জানানো হয়েছে, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা ও সেবার মান বাড়াতে এবং বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সকল বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এই আদেশ ইতোমধ্যে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে পাঠনো হয়েছে।
আদেশে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি হিসেবে দিতে হবে ৭০ টাকা।
সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার (৪২৫ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার (৫১০ টাকা)। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার (৮৫০ টাকা) এবং এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার (৮৫০টাকা)।
আনন্দবাজার/তা.তা









