কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের (৮০) উপর হামলাকারী অভিযুক্ত যুবক রফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ত্যাগ করার পথে কুড়িগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রফিকুল ইসলাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
হামলার শিকার কবি রাধাপদ রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাদাইখাল গোড্ডারাপাড় গ্রামের বাসিন্দা। স্বভাবকবি খ্যাত এই প্রবীণ মূলত বিগত ৫-৬ বছর পূর্বে পল্লিকবি হিসেবে পরিচিতি পান। স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে নিয়ে তার পরিবার। হামলায় আহত কবি বর্তমানে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘রফিকুলকে কুড়িগ্রাম শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’
উল্লেখ্য, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভিতরবন্দ ইউনিয়নের মাদইখাল গোড্ডারাপাড় গ্রামে কবি রাধাপদ রায়ের বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর আকস্মিক হামলা করেন রফিকুল। এতে কবির পিঠ ও ঘাড়ে ক্ষতের সৃষ্টি হয়। গত ছয় মাস আগে রফিকুলের বড় ভাই কদুর রহমানের সাথে বিরোধের জেরে এই হামলা করা হয়েছে বলে ধারণা কবি রাধাপদের। এ ঘটনায় কবিপুত্র জুগল চন্দ্র বাদী হয়ে রফিকুল ও তার বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। রফিকুল গ্রেফতার হলেও কদুর রহমান এখনও পলাতক রয়েছেন।









