ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল ওয়ার্ডে (৫৪টি) একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (চিরুনি অভিযান) শুরু ৭ জুন সকাল ১০টা থেকে। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে এই অভিযান শুরু করা হয়েছে।
অভিযানের প্রথম দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১১ হাজার ৯৬৯ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১৩১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাছাড়া এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায় ৮ হাজার ৩৮০টি বাড়ি/স্থাপনায়। এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ৮টি বাড়ি/নির্মাণাধীন ভবনের মালিকের কাছ থেকে। সতর্ক করা হয়েছে অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে।
এ অভিযান শুক্রবার ব্যতিত ১০ দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে। প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে চিরুনি অভিযান পরিচালনার জন্য। তারপর প্রতিটি সেক্টরকে ভাগ করা হয়েছে ১০টি সাবসেক্টরে।
প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের ১টি সেক্টরে অর্থাৎ ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এভাবে আগামী ১০দিনে সমগ্র ডিএনসিসিতে চিরুনি অভিযান সম্পন্ন করা হবে।
আনন্দবাজার/এস.কে









