দেশে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা। আজ শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে মোট ২৩৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ঢাকায় ১১৭ জন। এছড়া সারা দেশে ৬৫২ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর ।
ঘরে বসেই এই মহামারীর মোকাবেলা করছে দেশের কোটি কোটি মানুষ। ঠিক সেই সময়ে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে অচেনা শত্রুর বিরুদ্ধে মাঠে যুদ্ধ করে যাচ্ছেন হাজারো পুলিশ সদস্যরা। এ ছাড়া রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা ধরনের কাজ করছেন পুলিশ সদস্যরা। এসব কাজ করতে গিয়ে নিজের অজান্তেই তাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন।
পুলিশ সদর দপ্তরের থেকে জানা যায়, ঢাকা মহানগরীর পরে করোনায় বেশি আক্রান্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা। এই মহানগরীতে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে গোপালগঞ্জ। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১৮। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলায় ১৬ জন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মহানগরীতে আক্রান্ত হয়েছেন মাত্র তিনজন। তবে চট্টগ্রামে পুলিশের ২০০ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগরীতে আক্রান্তদের মধ্যে একজন অতিরিক্ত উপকমিশনার, তিনজন উপপরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন সহকারী উপপরিদর্শক, সাতজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল। ছয়জন নারীও আছেন এই তালিকায়। তাঁদের ৯৮ জন আছেন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, বাকিরা করোনা আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন। ঢাকা মহানগরীতে প্রথম করোনা ধরা পড়েছিল ১১ এপ্রিল। এরপর ১২ দিনেই আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এই হিসাবে প্রতিদিন গড়ে ১০ জন করে পুলিশ সদস্য ঢাকায় আক্রান্ত হচ্ছেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, পুলিশের যে সদস্যরা আক্রান্ত হয়েছেন, তাঁরা সবাই বাইরে দায়িত্ব পালনে গিয়েছিলেন। অসাবধানতাবশত মানুষের কাছাকাছি চলে যাওয়ায় তাঁরা সংক্রমিত হয়েছেন। তবে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
আনন্দবাজার/রনি








