ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।
স্থানীয়রা জানায়, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরী করায় শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রির জন্য বায়না করেছেন। বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে তার নিজ ঘরে লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ভাই নুরুনবী বলেন, কারিশমার ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে। তাকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে হত্যা করেছে।
এ ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
আনন্দবাজার/শহক/ এবুউ








