- মিরসরাইয়ে বন্ধ সড়ক উন্মুক্ত করলেন চেয়ারম্যান
গত ৩০ বছর ধরে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় একটি গ্রামীণ সড়ক বন্ধ ছিলো। সড়কটির দৈর্ঘ্য মাত্র ৪০০ মিটার হলেও, বন্ধ এ সড়কের কারণে ৩০ বছর ধরে চরম ভোগান্তিতে ছিলেন দক্ষিণ সোনাপাহাড় এলাকার শতাধিক মানুষ।
স্থানীয় এ সড়কটি ৩০ বছর পূর্বে গায়ের জোরে বন্ধ করে দেয় একটি প্রভাবশালী পরিবার। ভোগান্তির শিকার পরিবারবর্গ দীর্ঘ তিন দশক ধরে পুনরায় সড়কটি চালুর দাবি নিয়ে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে ধর্ণা দিয়েও মিলেনি কোনো সুফল।
বিগত ৩ দশক ধরে ঝুলে থাকা সমস্যার মাত্র ২ মাসে সমাধান দিয়ে তাক লাগিয়ে দেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার। চলাচলের সড়কটি চালু হওয়ায় ভুক্তভোগী এলাকাবাসীর মাঝে বইছে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। সমস্যাটি নিষ্পত্তির পর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ গ্রামীণ সড়কটির। সড়কটির নাম মাওলানা শফিউল আলম সড়ক।
ভুক্তভোগী আরিফুল ইসলাম নিজামী বলেন, গত ৩০ বছর ধরে আমাদের বাড়ির চলাচলের সড়ক দখল করে রাখে এক প্রভাবশালী পরিবার। আমার বাবাসহ বাড়ির আরও অনেকের নামে ফৌজদারী মামলা করে দীর্ঘ ৮ বছর কোর্টে ঘুরিয়েছে। ইতিপূর্বে চেয়ারম্যান ও ইউপি সদস্য যারা ছিল তারা বারবার বিষয়টি সমাধান করবে বলেও তারা কোনো সমাধান করেনি। অবশেষে জোরারগঞ্জ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মার্চে কথা দেন এ সড়কের সমস্যার সমাধান করে দিবেন। অবশেষে তিনি কথা রেখেছেন। মাত্র দুই মাসের মধ্যে বিষয়টির সুরাহা করে সড়কটি চালু করে দেন।
ভুক্তভোগী মাওলানা শফিউল আলম নিজামী বলেন, সড়কটি চালু হওয়ায় আমি খুবই খুশি। চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার ও ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজুর আন্তরিকতার কারণে দীর্ঘদিনের বন্ধ সড়ক চালু হলো। আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। আমি এজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জনপ্রতিনিধিদের।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু বলেন, আমার ওয়ার্ডের মাওলানা শফিউল আলম সড়কটি প্রায় ৩০ বছর ধরে বন্ধ ছিল। এতে ওই এলাকার শতাধিক লোক বিকল্প সড়ক ব্যবহার করতো। অবশেষে সড়কটি চালুকরণে ভূমিকা রাখতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে যেখানে সমস্যা শুনেছি সেখানে ছুটে গিয়েছি। মাওলানা শফিউল আলম সড়কটির কথা শুনে আমি তাদের দ্রুত সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস প্রদানের ২ মাসের মধ্যে চালু করে দিয়েছি। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই কথা মাথায় রেখে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি।









