সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রতিমা শিল্পীরা মণ্ডপগুলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোভিড-১৯ এর ফলে স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আয়োজন কমিয়ে পূজার আনুষ্ঠানিকতাকেই প্রাধান্য দেয়া হবে বলে জানান আয়োজকরা। পুলিশ প্রশাসন জানান, শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল রকমের সাহায্য করা হবে।
নারায়ণগঞ্জের বলদেব জিউর আখড়া ও শিবমন্দিরে এবার কোভিড-১৯ সচেতনতায় ভিন্নমাত্রা যোগ করেছেন আয়োজকরা। দেবী দুর্গার অঞ্জলিস্থলকে সাজানো হয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের বোতল দিয়ে। ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন ভক্তরা।
নারায়ণগঞ্জ মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী বলেছেন, পরিস্থিতি বিবেচনায় এ বছর উৎসবকে সীমিত করে পূজার আনুষ্ঠানিকতাকেই বেশি গুরুত্ব দেয়া হবে।
অপরদিকে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার ব্যাপারটি গুরুত্ব দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
২২ অক্টোবর থেকে জেলার ২০৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আনন্দবাজার/এফআইবি









