আজ রবিবার (২২ মার্চ) দিবাগত রাত পবিত্র শবে মেরাজ। মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে এই মহিমান্বিত রাতে শেষনবী হযরত মুহাম্মদ (সা.) সশরীরে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল (আ.) এবং হযরত মিকাইলের (আ.) সাথে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে পালাক্রমে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিমে পৌঁছান এবং আল্লাহ তায়ালার দিদার লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেন।
প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র শবে মিরাজ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তবে এবার করোনাভাইরাসের কারণে ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। তবে নামাজের পর উপস্থিত মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। কেউ চাইলে ইবাদতও করতে পারবেন। মসজিদ খোলাই থাকবে।
আনন্দবাজার/তা.তা








