- ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সর্বত্র ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত ৩০ ঘন্টায় ৩৬ জন ডায়রিয়া ও ৪১ জন নিউমোনিয়া রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে গত ৭ দিনে ১৩৮ জন ডায়রিয়া এবং ১৬৭ জন নিউমোনিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখা গেছে, আক্রান্ত রোগিদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। আবহাওয়া পরিবর্তন ও বিশুদ্ধ পানির অভাবে প্রতি বছর এ সময়ে এসব রোগব্যধি দেখা দেয় বলে স্বাস্থ্যবিভাগ জানিয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য উপজেলা স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ বলেন, প্রতি বছর এ সময়ে শরণখোলায় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ দেখা দেয়। আবহাওয়া পরিবর্তন ও বিশুদ্ধ পানির অভাবে গ্রামাঞ্চলের মানুষ এ রোগে আক্রান্ত হয়। প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। যারা বেশি অসুস্থ্য তাদেরকে ভর্তি করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ডায়রিয়া ও নিউমোনিয়া মিলিয়ে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও গ্রামাঞ্চলে পল্লী চিকিৎসকদের কাছে প্রতিদিন অসংখ্য ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীরা ভিড় করছে।
হাসপাতালের নার্সিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান, হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী ছাড়াও ৫০ শয্যার এ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ৬৭ জন। অনেকে শয্যা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রিয় গোপাল জানান, বর্তমান সময়ে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর চাপ কিছুটা বাড়ছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আবহাওয়া পরিবর্তন, বিশুদ্ধ পানির অভাব এবং গ্রামের মায়েদের অসচেতনতার কারণে প্রতি বছর শুষ্ক মৌসুমে শরণখোলায় এসব রোগের প্রকোপ শুরু হয়। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।









