করোনায় সরকার ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচি শুরু করেছে। ওই ৫০ লাখ নামের মাঝে আট লাখ নামে একই মোবাইল নম্বর একাধিকবার ব্যবহার করা হয়েছে। এ জন্য পুনরায় সংশোধিত তালিকা পাঠানোর জন্য জেলা প্রশাসকদের (ডিসি) আদেশ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬৪ জেলার ডিসিদের এই আদেশ দিয়ে চিঠি পাঠিয়েছে। ১৭ মে’র মধ্যে তাদের নতুন তালিকা চেয়ে শনিবার রাতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, দেশের ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কর্মসূচির মাঝে আট লাখ পরিবারের নামের তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার ব্যবহার করা হয়েছে। অনেক গরীব মানুষের বিকাশ নম্বর না থাকায় একই নম্বর বহু মানুষ ব্যবহার করেছে। তাই আট লাখের বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে তাদের তালিকা পর্যালোচনা করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো হবে।
আনন্দবাজার/এফআইবি








