- খুলে যেতে পারে ২৫ জুন
পদ্মা সেতুর সব কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বড় ধরণের সবকাজই শেষ হয়েছে। তবে ছোটখাটো কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, সেতুটি যান চলাচলের জন্য ২৫ জুন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকার। গত শুক্রবার পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি প্রকাশ করেছে প্রকল্প কর্তৃপক্ষ। অগ্রগতি প্রতিবেদন অনুসারে, গতকাল পর্যন্ত মূল সেতুর কাজ এগিয়েছে ৯৮ শতাংশ। নদী শাসনের কাজের অগ্রগতি ৯২ শতাংশ।
সব মিলিয়ে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। শুক্রবার পর্যন্ত খরচ হয়েছে ২৭ হাজার ৩৪১ কোটি টাকার মতো।
গত শুক্রবার বিকেল চারটার দিকে মূল সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়। বাতি বসানোর কাজ শেষ হয়েছে আরো আগেই। এখন ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। ছোটখাটো যেসব কাজ রয়েছে সেগুলো আগামী জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। গত মার্চ থেকে পিচ ঢালাইসহ সেতু চালুর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। শুক্রবার বিকেল চারটার দিকে মূল সেতুতে (নদীর অংশ) পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এখনো কিছু জোড়া এবং ভায়াডাক্টে (নদীর পাড়ে) পিচ ঢালাই বাকি আছি। ঈদের পরই তা শেষ হয়ে যাবে। এরপর সেতুতে সাইন, সংকেত ও মার্কিং বসানোর কাজ শুরু হবে। সেতুর সীমানা দেয়ালের ওপর স্টিলের রেলিং বসানোও বাকি আছে। এই কাজ আগামী মাসে শুরু হতে পারে।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে সারা দেশের সঙ্গে সরাসরি যুক্ত করবে পদ্মা সেতু। এ সেতুর মাধ্যমে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দর নগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু।









