হাইকোর্টের নির্দেশ না মেনেই চলছে মানিকগঞ্জের অবৈধ ইটভাটা
প্রকাশ:

বিস্তারিত
হাইকোর্টের নির্দেশ অমান্য করেই মানিকগঞ্জে চলছে ইটভাটার রমরমা ইট বাণিজ্য। এসব ইটভাটাগুলোতে প্রশাসনিকভাবে অভিযান চালানো হলেও, পুরোপুরি বন্ধ হয়নি ভাটায় ইট পোড়ানোর কাজ। কাজেই কমছে না পরিবেশ দূষণ।
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী মানিকগঞ্জে সাত উপজেলায় মোট ১৪৯ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই লাইসেন্সসহ আনুসঙ্গিক হালনাগাদ কাগজপত্র নেই।
হাইকার্টের নির্দেশে গত বছরের ডিসেম্বরে ওইসব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। প্রথম পর্যায়ের অভিযানে তমা ব্রিক্স লিমিটেড ও মানিকগঞ্জ ব্রিক্স লিমিটেড নামে দুটি ভাটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়াসহ আরও অন্তত ৩০টি ভাটার কার্যক্রম আংশিক বন্ধ করে জরিমানা আদায় করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের প্রথম দফা অভিযানে কার্যক্রম বন্ধ করে দেয়া অবৈধ ইটভাটাগুলোর মালিকরা প্রশাসনকে বিভিন্নভাবে ম্যানেজ করে ইট পোড়ানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তবে বন্ধ করে দেয়া ভাটাগুলোর মধ্যে কয়েকটি গোপনে আংশিক চালু রয়েছে বলে স্বীকার করেছে, শীঘ্রই জেলা প্রশাসনের সমন্বয় আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খালেদ হাসান।
জেলা প্রশাসক এস.এম ফেরদৌস বলেন, হাইকোর্টের নির্দেশের পরপরই মানিকগঞ্জের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করা হয় এবং তা এখনও অব্যাহত রয়েছে।
পরিবেশের জন্য হুমকি স্বরূপ কিংবা তিন ফসলী জমির মধ্যে যেসব ভাটা স্থাপন করা হয়েছে সেগুলোর কাগজপত্র সঠিক থাকলেও, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেসব ইট ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
আনন্দবাজার/তাঅ








