পোশাক পরিবর্তন হলেই মানসিকতা পরিবর্তন হবে, তা হবে না। সবার আগে মানসিকতা পরিবর্তন জরুরি। এটি হলে সব পরিবর্তন সম্ভব। পোশাক একটা সিম্বোল মাত্র। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১টায় ডিএমপির সদর দফতরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পোশাক পরিবর্তন হয়েছে কিছুদিন আগে। এটা আবার পরিবর্তনের জন্য পুলিশের মধ্য থেকে দাবি উঠেছে। এ নিয়ে মন্ত্রণালয়ে এক দফা প্রাথমিক আলোচনা হয়েছে। এটা পরে হবে তবে সময় লাগবে সবকিছু করতে। সবার আগে মানসকিতা পরিবর্তন করতে হবে। মানসিকতা পরিবর্তন হলে সমাজটাই পরিবর্তন হয়ে যাবে।
এ সময় আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বললেন, যানজট কমানো নিয়ে একটি সেল গঠন করে দেওয়া হয়েছে। এখানে নানান সমস্যা আছে। ব্যাটারিচালিত রিকশা ঢুকে গেছে। আপাতত বিমানবন্দর থেকে ডিএমপি সড়কে আপাতত এটা চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। আমরা নিজেরাই কেউ ট্রাফিক আইন মানার চেষ্টা করি না। যেখানে প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিকে আটকে থাকছেন।
ওসমান হাদি হত্যার আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বললেন, হাদি হত্যার পুনরায় তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়ে কিছু বলা সঠিক হবে না। সবাই জানতে পারবেন। আর পুলিশ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাঁধার সৃষ্টি না করে বরং সহযোগিতা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও বললেন, চাঁদাবাজদের তালিকা করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। আর অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি হচ্ছে এটা শেষ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাতে ঢাকাবাসী শান্তিপুর্ণ পরিবেশে বসবাস করতে পারে।









