দেশের এলপি গ্যাস ব্যবসায়ীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন মূল্য সমন্বয় করা না হলে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির সভাপতি সেলিম খান বলেন, দেশে বর্তমানে গৃহস্থালি, শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপি গ্যাসের চরম সংকট চলছে। বিইআরসি পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনার বাইরে কোম্পানিগুলো একাধিকবার মূল্য পরিবর্তন করায় ব্যবসায়ী ও ভোক্তারা বিপর্যয়ের মুখে পড়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, ভোক্তা অধিদপ্তরের অভিযান বাজারে আতঙ্ক সৃষ্টি করছে এবং অনেক ব্যবসায়ীকে বাধ্য করছে ব্যবসা বন্ধ করতে। সমিতি চায় স্থায়ী কমিটি গঠন ও কমিশন বৃদ্ধির মাধ্যমে পরিবেশক ও রিটেইলারের বোঝা কমানো হোক।
বর্তমানে দেশে প্রায় ৫ কোটি ৫০ লাখ সিলিন্ডার থাকলেও মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডার রিফিল হচ্ছে। চাহিদার তুলনায় ৬০ শতাংশ ঘাটতি থাকায় পরিবেশকদের অতিরিক্ত খরচ বেড়ে যাচ্ছে। অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় পরিবেশকরা দেউলিয়া হওয়ার পথে। সমিতি মনে করছে, নিষ্ক্রিয় সিলিন্ডারে ভর্তুকি ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপ জরুরি।
সেলিম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিইআরসি যদি নতুন মূল্য সমন্বয় না করে এবং প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধ না হয়, তবে ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধ থাকবে। মানববন্ধনে অন্যান্য সদস্য ও সাধারণ ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।









