ধর্মীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়।
অনলাইন বৈঠকে দুই দেশের মন্ত্রী বন্ধুপ্রতিম দুই জাতির মধ্যে ধর্মীয় সম্পর্ক গভীর করার লক্ষে গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে হজ ব্যবস্থাপনা, জাকাত বণ্টন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক দক্ষতা ও মানোন্নয়নে একে অপরের অভিজ্ঞতা ও সর্বোত্তম কর্মপন্থা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই দেশের মন্ত্রীই ধর্মীয় খাতের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। হজ কার্যক্রম ও জাকাত ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব বাড়াতে কাঠামোগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার বিষয়েও তারা আলোচনা করেন।
আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আধুনিক যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে ধর্মীয় শিক্ষার প্রসার। মৌলিক আধ্যাত্মিক মূল্যবোধ রক্ষা করে কীভাবে সমসাময়িক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে দুই দেশ যৌথভাবে কাজ করার সুযোগ নিয়ে কথা বলেন।
পারস্পরিক শ্রদ্ধা ও অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হওয়া এই বৈঠকে দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে যে, এই দ্বিপাক্ষিক সহযোগিতা উভয় দেশের মুসলিম সম্প্রদায়ের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









