পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, গত ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এত বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থ ও মঙ্গলের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জেলার সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি শুরু হবে।
জিয়াউর রহমানের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে এ কর্মসূচি শুরু করেছিলেন এবং সে সময় খাল খননের সুবিধাও পাওয়া গেছে। ফসল উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাছচাষও বেড়েছিল। সবকিছু মিলে এলাকাটিকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছিলেন।
এ্যানি জানান, এখন সারা বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাব। এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। যারা অবৈধভাবে খালের জায়গা দখল করেছেন এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের আরও সতর্ক এবং সজাগ হওয়ার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী।









