মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত ইতিহাসের একটি বড় অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের শতভাগের মধ্যে প্রায় ৯০ ভাগই সত্য নয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ও বিভ্রান্তিকর ইতিহাস প্রচার করা হয়েছে। তার দাবি, জামায়াতে ইসলামী কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি; বরং তারা ভারতের আগ্রাসনের বিরোধিতা করেছে। তিনি বলেন, বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত চিত্র জানা যাবে, কিন্তু দীর্ঘ সময় ধরে জনগণকে সেই সত্য জানার সুযোগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বিজয় র্যালির মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার পক্ষে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করার কারণেই দলটিকে দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভবিষ্যৎ বাংলাদেশের প্রসঙ্গে আমির হামজা বলেন, জামায়াতে ইসলামী একটি স্বাধীনচেতা বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে ভারতের তাবেদারিত্ব থাকবে না। তিনি বলেন, এই দেশে জন্ম নেওয়া প্রত্যেক নাগরিক সম্মান ও মর্যাদার অধিকারী হবে এবং দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।
বিজয় র্যালিতে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









