এবারের ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংগঠনটির তথ্য মতে, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন।
গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছিলেন। সে হিসেবে এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে।
এদিকে, সরকারি সংস্থা বিআরটিএর তথ্যমতে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের এক গবেষণা বলছে, ৪২ শতাংশ দুর্ঘটনার মূলে রয়েছে চালকদের বেপরোয়া গতি। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে।









