ইরানের সঙ্গে পুনরায় আলোচনার লক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
রোববার (১৯ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি পোস্টে বলেন, “আমার প্রতিনিধিরা ইসলামাবাদ, পাকিস্তানে যাচ্ছে — তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে থাকবে, আলোচনার জন্য।”
ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তার দাবি, ওই ঘটনায় একটি ফরাসি জাহাজ ও যুক্তরাজ্যের পতাকাবাহী একটি কার্গো জাহাজ লক্ষ্যবস্তু হয়েছিল।
এছাড়া ইরান হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মতে, এমন পদক্ষেপ ইরানের নিজের জন্যই ক্ষতিকর হবে। ট্রাম্পের ভাষায়, এই পথ বন্ধ হলে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বে তেহরান।
তিনি জানান, বৈশ্বিক নৌপথে পণ্য পরিবহন অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রগামী জাহাজগুলো টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কার বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
ইরানকে “ন্যায্য ও যুক্তিসঙ্গত” চুক্তি গ্রহণের আহ্বান জানিয়ে ট্রাম্প সতর্ক করেন, তা না হলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।তিনি বলেন, “যদি তারা চুক্তি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।”
পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা কয়েক দশক ধরে ইরান ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হওয়ার আগে তেহরান আলোচনায় ইতিবাচক সাড়া দেবে।
সবশেষে ট্রাম্প বলেন, “ইরানের সহিংস কার্যক্রম বন্ধ করার সময় এখনই।”
সূত্র: আনাদোলু এজেন্সি।









