উত্তর ইসরাইলের বন্দর নগরী হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা দুজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
সোমবার (৬ এপ্রিল) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে সমন্বয় করে কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আরও দুই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস বাহিনী ইসরাইলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্য ইসরাইলের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত দুইজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, পেতাহ টিকভায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরাইল জুড়ে অন্তত ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত হয়েছে, যার মধ্যে তেল আবিবের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ইরান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরান তার সমস্ত শক্তি ব্যবহার করে নেতানিয়াহুকে হত্যা করার চেষ্টা চালিয়ে যাবে।
এই হামলার পর উত্তেজনা বেড়েছে এবং ইসরাইলের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।









