রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া। তিনি জানান, খবর পেয়ে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত মাহমুদ শাওন কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও করেছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত, আনুমানিক রাত ৩টার দিকে তিনি নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।









