প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (২৪ মার্চ ) নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মো. রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সংসদের হুইপ বলেছেন , প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে সুশাসনের পাশাপাশি উন্নয়ন নিশ্চিত করতে চায়। নতুন সরকার শপথ গ্রহনের পরপরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে, মসজিদসহ অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। আগামীতে সকল শ্রেণি-পেশার মানুষকে সুরক্ষা প্রদান করা হবে।
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।









