মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি রাবার গ্লাভস কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (৮ এপ্রিল) রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরা অংশ নেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।”
তিনি আরও জানান, একই মূল কোম্পানির অধীনস্থ এই দুটি কারখানার ব্যবস্থাপনা অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে নিয়োগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
জেমস লি বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) তদন্ত করা হবে।”
এছাড়া শ্রম বিভাগও (জেটিকে) নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ তদন্ত করবে বলে তিনি জানান।
তিনি উল্লেখ করেন, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো।
বিদেশি শ্রমিকদের পাশাপাশি কোনো অপরাধে জড়িত নিয়োগকর্তাকেও ছাড় দেওয়া হবে না বলেও যোগ করেন তিনি।









