ঢাকাসহ দেশের ২০টি জেলায় রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সংশোধিত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে ৮ জেলায় ঝড়ের সম্ভাবনার কথা বলা হলেও পরে তা বৃদ্ধি করে ২০ জেলায় করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।









