ইরানের সঙ্গে অর্জিত ভঙ্গুর যুদ্ধবিরতি ধরে রাখতে লেবাননে ইসরায়েলি হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফোনালাপে ট্রাম্প সরাসরি এ নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে।
মার্কিন কর্মকর্তারা এনবিসি নিউজকে জানিয়েছেন, লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনার স্বার্থেই লেবাননকে নিয়ে ইসরায়েল কিছুটা নমনীয় হতে সম্মত হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়, যাতে দুই শতাধিক মানুষ নিহত ও এক হাজারের বেশি আহত হন।
এদিকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে মন্ত্রিসভার প্রতি নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ ও দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই হবে আলোচনার মূল লক্ষ্য। বৈরুতকে নিরস্ত্র করার ঘোষণা দিয়ে লেবাননের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন সরকারি বাহিনী ছাড়া সকলের হাতে থাকা অস্ত্র জব্দ করা হবে। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।
সূত্র: এনবিসি নিউজ









